তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙ্গে ফেলতে চাই,
ভুলে যেতে চাই তোমাকে নিয়ে জড়িয়ে থাকা সব স্মৃতি
কিছু দিন 'প্রেম প্রেম' খেলা করে , প্রেমিকা বিসর্জনই আমার প্রেমের রীতি ।
ছেলেটির বাক্যবাণে এভাবেই ছিদ্র হয়ে জাচ্ছিল
মেয়েটির হৃদয়,
তবুও বেঁচে থাকা , তবুও নিঃশ্বাস-প্রস্বাস,
তবুও প্রতিটা মুহূর্তে মৃত্যুজয় ।
সময়টা ছিল বিকেল,
হাজারটা লোকের পায়ের শাসনে শাসিত পার্ক সার্কাসের সেই সার্কেল
মেয়েটির কাছে শুধুই মরু প্রান্তর,
জনহীন , জলহীন...
নীরব থাকাটাই যেন তার প্রত্যুত্তর.........
কথাগুলো বলেই ছেলেটি এক দৌড়ে
রাস্তাপার করে ভিড়ের সমুদ্রে মিলিয়ে গেল,
মেয়েটি দাঁড়িয়ে রইল,
নির্বাক , নিশ্চল হয়ে
এই city of joy এ পরাজয়ী হয়ে ;
তারপর ৪ বার অটো , ২ বার বাস পাল্টে
একটা সোজা রাস্তা ঘুরপথে চলতে চলতে
দু চার বার আছাড় খেতে খেতে
মেয়েটি অবশেষে নিজের গন্তব্যে পৌছয় ।
দু মাসের অনিদ্রা
একমাসের অনাহার
একটা আলো-বাতাস হীন একলা ঘরে একটা মানুষের একটা প্রশ্নের হাজার বার চিৎকার...
যাদের ভালোবাসা সত্যি , যারা সত্যি ভালোভাসে
তারা ব্যর্থ কি প্রতিবার?
তারাই কি প্রতিবার দুঃখে হবে জেরবার?
সময় গেল দুঃখকে নিয়ে,
ভগ্ন হৃদয় জোড়া লাগলো
মাস তিনেকের মধ্যেই বাবার দেখা ছেলেটা আমেরিকা থেকে ফিরে এল,
পরের মাসেই মেয়ের বিয়ে......
বিয়ের আগের দিন -
মেয়েটির বান্ধবীরা যারা মেয়েটির পূর্বের সম্পর্কের কথা জানত,
ওরা বলল- 'ভগবান ওর দিকে মুখ তুলে ছেয়েছে'
মেয়েটির বাবা বলল- 'জীবনে সুখী হও '
মেয়েটির মা বলল - 'পুরানো সম্পর্ক সব ভুলে যা, নতুন করে সব কিছু শুরু কর'
মেয়েটি ভাবল- 'যা হয়েছিল ভালোই হয়েছিল, তাই আজ এত ভালো বর পেতে চলেছি'
বিয়ে হল , বর হল, সন্তান হল ;
হল বিশাল ফ্ল্যাটবাড়ি
ব্যাঙ্ক-ব্যালেন্স , দু'চারটে গাড়ি
সময়ের ব্লেডে কাটা পড়ল পুরানো সব স্মৃতি...
নিজের জীবনেও ঘুরপথে চলতে চলতে
একবার আছাড় খেতে খেতেও
নিজের জীবনের সুখী গন্তব্যে পৌঁছল মেয়েটি।
'না' এখনও শেষ হয়নি গল্পটা,
সেই ছেলেটাকে মনে পড়ে ?
সেইদিন পার্কসার্কাসের ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়া ছেলেটা;
ওর টেবিল ঘাঁটলে আজও পাওয়া যাবে
ঠিকানা বিহীন , ডাক টিকিট বিহীন ওর লেখা একটা চিঠি-
'আমি ভিড়ের মধ্যে মিলিয়ে যেতেই এই পৃথিবীতে এসেছি,
মিলিয়ে যেতে দাও আমায়,
তলিয়ে যেতে দাও অতল জলাভূমির নিরালায় ;
ক্ষমা কর আমায়, ক্ষমা কর ।
তোমাকে দেওয়া কথা গুলো রাখতে পারিনি ,
আমি পাপী , আমি পাপী ।
আমার আকণ্ঠ পাপ , আর পাপের মেদে স্থূলকায় শরীরটা
আমায় হারিয়ে দিল
তোমাকেও কেড়ে নিল
তুমি তোমার গন্তব্যে পৌঁছেছ ঘুরপথে,
আমি কোনদিনই পারব না ।
তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করেছ ঘুরপথে
আমি স্বপ্নই দেখে গেলাম , বাস্তবে ফলল না ।
শুধুমাত্র একটা জিনিস,
নষ্ট করেছে আমাদের স্বপ্ন,
অবাধ পতন হয়েছে আমাদের আশার,
সেই জিনিসটা ভগবান আমায় দিয়েছে উপহার
আমার শরীরে একটু একটু বাড়তে থাকা
ব্লাড-ক্যান্সার ।'